প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 23, 2026 ইং
“বন্ধু খুঁজবে, প্রভু নয়” — ঠাকুরগাঁওয়ে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের দৃঢ় বার্তা

ঠাকুরগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে ১০ দলীয় জোট কর্তৃক আয়োজিত সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের মানুষ এমন নেতৃত্ব নির্বাচন করবে যারা বিদেশে বন্ধু খুঁজবে, কিন্তু কোনো প্রভু মানবে না।
শুক্রবার (২৩ জানুয়ারি) প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ে উঠলে কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতভাবে পাবে এবং মধ্যস্বত্বভোগীরা আর কৃষকের কপালে ভাগ বসাতে পারবে না।
কৃষিপণ্য সংরক্ষণের অভাবে কৃষকরা বাধ্য হয়ে কম দামে পণ্য বিক্রি করেন—এই অবস্থা থেকে মুক্ত করতে আধুনিক সংরক্ষণাগার নির্মাণ করা হবে।
তিনি আরও বলেন, জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ পেলে দেশের প্রতিটি জেলায় একটি করে মানসম্মত সরকারি মেডিকেল কলেজ স্থাপন করা হবে এবং বৈষম্যহীন নীতির মাধ্যমে উন্নয়নের সুফল ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে।
ডা. শফিকুর রহমান জানান, এবার শুধু জামায়াতে ইসলামী নয়, বরং দেশের মুক্তিকামী মানুষের ১০ দলের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মকে ভোট দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। ঐক্যবদ্ধ জাতি ছাড়া বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।
সরকার পরিচালনার ক্ষেত্রে তিনটি মূল শর্তের কথা তুলে ধরে তিনি বলেন—
১) দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া যাবে না
২) সবার জন্য সমান ন্যায়বিচার নিশ্চিত করতে হবে
৩) বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন রাখতে হবে
উত্তরবঙ্গকে বাংলাদেশের গৌরবের কৃষি রাজধানীতে পরিণত করার ঘোষণা দিয়ে তিনি সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রতিশ্রুতি দেন।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, দেলোয়ার হোসেন এবং ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বিসিএন চ্যানেল