প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 22, 2026 ইং
ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ: সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত

ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে না বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠকের পর এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
সাংবাদিকদের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানান, সরকারের অবস্থান একেবারেই স্পষ্ট—বাংলাদেশ দল ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে না।
অনেকেই ধারণা করেছিলেন বিসিবি ও সরকারের অবস্থান পরিবর্তিত হতে পারে। তবে জাগো নিউজের আগের প্রতিবেদনে যেমন বলা হয়েছিল, ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে সেটাই স্পষ্ট করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।
মিটিং শেষে তিনি বলেন, বাংলাদেশের সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সুযোগ নেই। অর্থাৎ এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে লিটন-তাসকিনদের দেখা যাবে না।
সংবাদ সম্মেলনে আসিফ নজরুল বলেন,
‘আইসিসি আসল ঘটনা বাদ দিয়ে শুধুমাত্র স্ট্যান্ডার্ড সিকিউরিটি প্রসিডিউর নিয়ে আলোচনা করেছে। এমনকি ভারত সরকারের পক্ষ থেকে মোস্তাফিজের ঘটনার জন্য দুঃখ প্রকাশ বা আমাদের দর্শক, সাংবাদিক ও খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো সরাসরি যোগাযোগও করা হয়নি।
ফলে আমাদের সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সুযোগ নেই।’ ক্রিকেটারদের সঙ্গে আলোচনার বিষয়ে তিনি আরও বলেন,
‘ক্রিকেটারদের সঙ্গে আমার আলোচনা ব্যক্তিগত বিষয়। তারা নিজেরা বলতে চাইলে বলবে। সরকারের সিদ্ধান্তের প্রেক্ষাপট তাদের বুঝিয়ে বলাই ছিল আমাদের উদ্দেশ্য এবং তারা সেটি বুঝতে পেরেছে।’
এই সিদ্ধান্তের ফলে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অনুপস্থিতি আন্তর্জাতিক ক্রিকেটে বড় আলোচনার জন্ম দিয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বিসিএন চ্যানেল