প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 9, 2026 ইং
কদমতলীতে ব্যবসায়ী সাহাবুদ্দিন হত্যা: এজাহারনামীয় ২ আসামি গ্রেফতার

রাজধানীর কদমতলী থানাধীন এলাকায় সংঘটিত লোহার ভাঙ্গারী ও গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী সাহাবুদ্দিন (৪০) হত্যা মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
র্যাব জানায়, গত ০৬ জানুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে কদমতলী থানার ৬১ নম্বর ওয়ার্ডের আদর্শ সড়ক এলাকায় পূর্ব শত্রুতার জেরে মো: শহিদুল (৩৫)’সহ অন্যান্য আসামিরা ধারালো অস্ত্র দিয়ে সাহাবুদ্দিনকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডের পর আসামিরা বিকট শব্দে বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
এ ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে কদমতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি পেনাল কোডের ৩০২/৩৪ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইনে রুজু করা হয়।
পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তার অনুরোধে র্যাব-১০ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর যাত্রাবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল ০৭ জানুয়ারি কদমতলীর কুদারবাজার এলাকা থেকে এজাহারনামীয় আসামি মো: শহিদুল (৩৫) ও নার্গিস বেগম (৪৫)’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বিসিএন চ্যানেল