প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 3, 2026 ইং
ফরিদপুরে অটোরিক্সা ছিনতাই ও চালক হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ফরিদপুরের অটোরিক্সা ছিনতাই ও চালক ফারুক তালুকদার (৪০) হত্যা মামলায় যাবজ্জীবন ও ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ভাগ্নে শামীম (২৯)’কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
র্যাব-১০ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় পরিচালিত এক অভিযানে ৩ জানুয়ারি ২০২৫ তারিখ দুপুর আনুমানিক ১২টা ৫ মিনিটে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন জনতা ব্যাংকের মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি মো: শামীম ওরফে ভাগ্নে শামীম (২৯), পিতা- সাদেক, সাং- বারইপাড়া, থানা- রাজবাড়ী সদর, জেলা- রাজবাড়ী। সে ফরিদপুর কোতয়ালী থানার হত্যা মামলা নং-১৮, তারিখ-০৭/০৩/২০২০ এর সাজাপ্রাপ্ত আসামি।
মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ৬ মার্চ রাজবাড়ীর গোপ্ত মানিক গ্রাম থেকে অটোরিক্সা নিয়ে বের হওয়া চালক ফারুক তালুকদারকে ফরিদপুর যাওয়ার কথা বলে ভাড়া করে নিয়ে যায় আসামিরা। পরে ফরিদপুর সদর উপজেলার ফতেহপুর শ্মশানঘাট এলাকায় নিয়ে গিয়ে তাকে কুপিয়ে হত্যা করে অটোরিক্সা ছিনতাই করে পালিয়ে যায়।
ঘটনার পরপরই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। নিহতের ভাই মো. হান্নান তালুকদার ফরিদপুর কোতয়ালী থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ শেষে বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালত, ফরিদপুর ২৯ মে ২০২৫ তারিখে রায় ঘোষণা করেন। রায়ে আসামিকে দণ্ডবিধি ১৮৬০ এর ৩০২/৩৪ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা (অনাদায়ে ২ মাস বিনাশ্রম কারাদণ্ড) এবং ৩৯৪/৩৪ ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা (অনাদায়ে ২ মাস বিনাশ্রম কারাদণ্ড) প্রদান করা হয়।
রায় ঘোষণার পর থেকে আসামি দীর্ঘদিন আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল। গ্রেফতারের পর তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বিসিএন চ্যানেল