প্রিন্ট এর তারিখঃ Mar 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 2, 2026 ইং
নাশকতা ও মাদকবিরোধী অভিযানে ৫টি ককটেল, দেশীয় অস্ত্র ও ১৫০ ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব-১০

রাষ্ট্রীয় নিরাপত্তা ও জননিরাপত্তা নিশ্চিত করতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) নিয়মিতভাবে নাশকতা, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে।
আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে “জিরো টলারেন্স” নীতিতে রাষ্ট্রবিরোধী কার্যক্রম দমনে র্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১০ এর সিপিসি-১ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গতকাল ১ জানুয়ারি ২০২৫ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে একটি ফ্ল্যাট থেকে ৩টি ককটেল সদৃশ্য বস্তু, ২টি স্টিলের তৈরি দেশীয় অস্ত্র ও ৯টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় ঘটনার সঙ্গে জড়িত রিয়াজুল ইসলাম রিয়াজ @ কালিয়া রিয়াজ (৩০)’কে গ্রেফতার করা হয়।
অপর এক অভিযানে ঢাকার যাত্রাবাড়ী থানাধীন বিবিরবাগিচা এলাকায় একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে র্যাব-১০ ২টি ককটেল সদৃশ্য বস্তু, ৩টি দেশীয় অস্ত্র, ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৬৮,৮৬০ টাকা ও ১১টি মোবাইল ফোন উদ্ধার করে। এ অভিযানে মো: জানে আলম হোসেন @ আশিক (২৫) এবং বনি ইসলাম বর্ষণ (২০)’কে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত রিয়াজুল ইসলাম রিয়াজ এর বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ মোট ৫টি মামলা, জানে আলম হোসেন @ আশিক এর বিরুদ্ধে দস্যুতা ও ডাকাতিসহ ৭টি মামলা এবং বনি ইসলাম বর্ষণ এর বিরুদ্ধে মাদক আইনের ১টি মামলা রয়েছে।
উদ্ধারকৃত ককটেল সদৃশ্য বস্তুগুলো বিস্ফোরক হওয়ায় র্যাবের প্রশিক্ষিত বোম্ব ডিসপোজাল ইউনিটের মাধ্যমে সেগুলো নিরাপদে ধ্বংস করা হয়। গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র প্রতিরোধে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সর্বদা প্রস্তুত রয়েছে। জননিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থ রক্ষায় ভবিষ্যতেও র্যাব পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে বলে জানানো হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বিসিএন চ্যানেল