প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 31, 2025 ইং
খালেদা জিয়ার জানাজা মানিক মিয়া অ্যাভিনিউতে | কফিন থাকবে পশ্চিম প্রান্তে

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে।
জানাজার জন্য এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় কফিন রাখার চিন্তাভাবনা থাকলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন করে মানিক মিয়া অ্যাভিনিউর পশ্চিম প্রান্তে কফিন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানাজার আয়োজন করা হবে সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং পুরো মানিক মিয়া অ্যাভিনিউ জুড়ে। সর্বস্তরের মানুষ যেন নির্বিঘ্নে শ্রদ্ধা জানাতে ও জানাজায় অংশ নিতে পারেন, সে জন্য নিরাপত্তা বাহিনীসহ সংশ্লিষ্ট সব রাষ্ট্রীয় দপ্তর প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করছে।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মানিক মিয়া অ্যাভিনিউয়ের চারপাশের সড়কগুলোতেও সাধারণ মানুষের অবস্থানের ব্যবস্থা রাখা হচ্ছে।
জানাজা শেষে বিকেল সাড়ে ৩টার দিকে খালেদা জিয়াকে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি ও বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। এ সময় পরিবারের সদস্য, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, বিদেশি অতিথি, রাষ্ট্রদূত এবং বিএনপি মনোনীত নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
দাফনকাজ নির্বিঘ্নে সম্পন্নের লক্ষ্যে নির্ধারিত ব্যক্তিদের বাইরে অন্য কাউকে জিয়া উদ্যানে প্রবেশ করতে দেওয়া হবে না। দাফন শেষ না হওয়া পর্যন্ত শেরেবাংলা নগর এলাকায় সাধারণ মানুষের চলাচল সীমিত থাকবে।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ৩৭ দিন ধরে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সকাল ৬টায় মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও হৃদযন্ত্রসহ নানা জটিল রোগে ভুগছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বিসিএন চ্যানেল