প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 29, 2025 ইং
২৪ দিনের মধ্যে হাদি হত্যার বিচারসহ ইনকিলাব মঞ্চের ৪ দফা দাবি

শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচার ২৪ দিনের মধ্যে সম্পন্ন করার দাবিসহ চার দফা দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। রোববার (২৮ ডিসেম্বর) রাতে সংগঠনটির ফেসবুক পেজে প্রকাশিত এক ঘোষণায় এসব দাবি তুলে ধরা হয়।
দাবিগুলোর মধ্যে রয়েছে— পুরো খুনিচক্রের বিচার দ্রুত শেষ করা, বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল, ভারতে পালিয়ে থাকা খুনিদের ফেরত না দিলে আন্তর্জাতিক আদালতে মামলা এবং সিভিল-মিলিটারি ইন্টেলিজেন্সে লুকিয়ে থাকা ফ্যাসিস্ট দোসরদের গ্রেফতার ও বিচার নিশ্চিত করা।
এদিকে ওসমান হাদি হত্যার বিচার দাবিতে চলমান অবরোধ কর্মসূচি নিয়ে নতুন ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। এতে জানানো হয়, ঢাকা বাদে বিভাগীয় শহরগুলোতে রাত ৮টায় অবরোধ কর্মসূচি সমাপ্ত করা হবে এবং পরবর্তী কর্মসূচি পরে জানানো হবে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর বিজয়নগরে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হলেও ১৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। ২০ ডিসেম্বর মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজায় লাখো মানুষ অংশ নেয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বিসিএন চ্যানেল