প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 28, 2025 ইং
কুরআন-সুন্নাহর বাইরে কোনো আইন হতে দেবে না বিএনপি: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির অঙ্গীকার—কুরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন প্রণয়ন করতে দেওয়া হবে না।
রোববার (২৮ ডিসেম্বর) ঠাকুরগাঁও মানব কল্যাণ পরিষদ প্রাঙ্গণে আলেম-ওলামাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কিছু মানুষ পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে যে বিএনপি নাকি কুরআন-সুন্নাহর আলোকে থাকতে চায় না। বাস্তবে বিএনপি সবসময় ইসলামী মূল্যবোধের পক্ষে ছিল এবং আগামীতেও থাকবে।
মির্জা ফখরুল আরও বলেন, দেশ বর্তমানে একটি সংকটকাল অতিক্রম করছে। পেছন থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে এবং নির্বাচন বানচালের ষড়যন্ত্র করা হচ্ছে। এ সময় সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ ক্ষমতাকে চিরস্থায়ী করতে নানা আইন পাস করে জনগণকে অধিকারবঞ্চিত করেছে। আলেম-ওলামাদের জঙ্গি আখ্যা দিয়ে হয়রানি করা হয়েছে। সেই সময় পার হয়ে এখন নতুন করে দেশ গড়ার সময় এসেছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলীসহ বিভিন্ন আলেম-ওলামা, ধর্মীয় ব্যক্তিত্ব ও স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। সভায় দেশের রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক স্থিতিশীলতা ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় করণীয় বিষয়ে আলোচনা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বিসিএন চ্যানেল