প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 23, 2025 ইং
ভারতে বাংলাদেশ মিশনের নিরাপত্তা ইস্যুতে ভারতের হাইকমিশনারকে ফের তলব

ভারতে অবস্থিত বাংলাদেশি কূটনৈতিক মিশন ও ভিসা সেন্টারগুলোর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে ফের তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত হতে বলা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সকাল ৯টা ৪০ মিনিটে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সাক্ষাৎ করেন প্রণয় ভার্মা। বৈঠকটি পাঁচ মিনিটেরও কম সময় স্থায়ী হয়।
কূটনৈতিক সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী, নয়াদিল্লি, কলকাতা, আগরতলা ও শিলিগুড়িসহ ভারতের বিভিন্ন শহরে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোর সামনে সাম্প্রতিক বিক্ষোভ, হামলা ও নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধির প্রেক্ষাপটেই তাকে তলব করা হয়। বৈঠকে বাংলাদেশ মিশনগুলোর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।
সাম্প্রতিক পরিস্থিতির কারণে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন সাময়িকভাবে কনস্যুলার ও ভিসা সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। একইভাবে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন এবং শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশ ভিসা সেন্টারেও ভিসা কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।
এর আগে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনাসহ একাধিক বিক্ষোভ কর্মসূচি দুই দেশের কূটনৈতিক মহলে উদ্বেগ সৃষ্টি করে। এসব ঘটনার ধারাবাহিকতায় বাংলাদেশ সরকার ভারতের কাছে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং বিষয়টিকে দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য নেতিবাচক বলে উল্লেখ করেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বিসিএন চ্যানেল