
ফরিদপুর কোতয়ালী থানায় দায়ের করা রতন শেখ (৪৫) হত্যা মামলার অন্যতম আসামি শ্রাবণ (২৮)’কে রাজধানীর লালবাগ এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
র্যাব জানায়, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রতিষ্ঠার পর থেকেই র্যাব সন্ত্রাস, হত্যা, মাদক, অবৈধ অস্ত্র ও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-১০-এর সিপিসি-২ শ্রীনগর এবং সিপিএসসি লালবাগ ক্যাম্পের যৌথ অভিযানে আলোচিত এই হত্যা মামলার আসামিকে গ্রেফতার করা হয়।
র্যাবের তথ্যমতে, গত ২৫ জুলাই ২০২৫ তারিখ রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে ভিকটিম রতন শেখের ব্যবহৃত মোবাইল নম্বরে একটি কল আসার পর তিনি বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তাকে না পেয়ে তার স্ত্রী ফরিদপুর কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরবর্তীতে লোকমুখে সংবাদ পেয়ে ভিকটিমের স্ত্রী জানতে পারেন, ফরিদপুর কোতয়ালী থানাধীন ডিগ্রীরচর নমডাঙ্গীর ডকইয়ার্ড এলাকায় পদ্মা নদীতে একটি অজ্ঞাতনামা লাশ ভাসছে। ঘটনাস্থলে গিয়ে তিনি তার স্বামী রতন শেখের লাশ শনাক্ত করেন।
তদন্তে জানা যায়, গত ২৫ জুলাই ২০২৫ তারিখ রাত আনুমানিক ৪টার দিকে পূর্বশত্রুতার জেরে একাধিক ব্যক্তি পরস্পর যোগসাজশে রতন শেখকে হত্যা করে। পরে হত্যাকাণ্ডের আলামত গোপন করতে লাশ পদ্মা নদীতে ফেলে দেওয়া হয়।
এ ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি নং-৫৮, তারিখ ২৮ জুলাই ২০২৫ খ্রিঃ এবং এতে দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় মামলা রুজু করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তার অনুরোধের পরিপ্রেক্ষিতে র্যাব-১০ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় গত ২১ ডিসেম্বর ২০২৫ তারিখ বিকাল আনুমানিক ৫টা ৩০ মিনিটে ঢাকা মহানগর পুলিশের লালবাগ থানাধীন বেরীবাঁধ এলাকা থেকে মামলার অন্যতম আসামি শ্রাবণ (২৮)–কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি শ্রাবণের পিতার নাম ফরহাদ শেখ। তার বাড়ি ফরিদপুর জেলার কোতয়ালী থানার ফরিদাবাদ এলাকায়। পরবর্তীতে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।