
রাজধানীর চকবাজার এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), পরিবেশ অধিদপ্তর ও ডিএমপি’র সমন্বয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অভিযানে নিষিদ্ধ পলিথিন বিক্রয়ের দায়ে ৩ লক্ষ টাকা জরিমানা, ৩ জনকে কারাদণ্ড এবং বিপুল পরিমাণ পলিথিন জব্দ করা হয়েছে। একই সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কার্যক্রম সীলগালা করা হয়।

র্যাব প্রতিষ্ঠার পর থেকেই আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মাদক, জালিয়াতি, ভেজাল ও নকল পণ্য নির্মূলসহ সামাজিক অপরাধ দমনে নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় আজ ১০ ডিসেম্বর ২০২৫ তারিখে র্যাব সদর দপ্তরের আইন কর্মকর্তা মোঃ আবু হাসান, পরিবেশ অধিদপ্তর এবং র্যাব-১০ এর সহযোগিতায় চকবাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে বিএসটিআই অনুমোদনহীন ও নিষিদ্ধ পলিথিন বিক্রয়ের প্রমাণ পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালত মো: হাবিব, মো: সাদ্দাম হোসেন ও মো: হেমায়েত– প্রতিজনকে ১,০০,০০০ টাকা করে মোট ৩ লক্ষ টাকা জরিমানা এবং ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।

এসময় ২৪৯ বস্তা ও ২৭ রোল নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয় এবং সব প্রতিষ্ঠান সীলগালা করা হয়েছে।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, এসব ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে নিষিদ্ধ পলিথিন বিক্রয়ের মাধ্যমে পরিবেশের মারাত্মক ক্ষতি করে আসছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
র্যাব জানায়, জনস্বার্থে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।