
রাজবাড়ীর গোয়ালন্দঘাট থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো: ওসমান কাজী (৩৬)-কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
র্যাব-১০ জানায়, মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে তাদের একটি চৌকস আভিযানিক দল অদ্য ২২ নভেম্বর ২০২৫, বিকাল আনুমানিক ১৭:১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ও আধুনিক প্রযুক্তির সহায়তায় রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন দৌলতদিয়া বাসস্ট্যান্ড এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করে।
অভিযানে গোয়ালন্দঘাট থানার জিআর মামলা নং– ৩৮০/১৮, ধারা– মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯(১), টেবিল ৯(ক)-এ বর্ণিত ১০ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো: ওসমান কাজী (৩৬)-কে আটক করা হয়।
তিনি মৃত উম্বার কাজীর পুত্র, সাং—উত্তর দৌলতদিয়া, থানা—গোয়ালন্দঘাট, জেলা—রাজবাড়ী।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছে যে, গ্রেফতার এড়ানোর জন্য সে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।