
ঢাকার কেরাণীগঞ্জ মডেল থানার জিনজিরায় সংঘটিত দস্যুতা মামলার অন্যতম অভিযুক্ত মো: শুক্কুর আলী (৩৯)’কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর একটি চৌকস আভিযানিক দল।
র্যাব জানায়, গত ১৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রাত আনুমানিক ২১:৩০ মিনিটে জিনজিরা এলাকায় ভিকটিম মো: শাকিল @ জুনিয়র শাকিব (২৯)’কে পথরোধ করে আসামি শুক্কুর আলীসহ অন্যান্য আসামিরা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে লোহার শিকল দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। এ সময় তারা ভিকটিমের কাছ থেকে ০১টি রোড ওয়্যারলেস মাইক্রোফোন, ০২টি মোবাইল ফোন এবং নগদ ৩,৬০০ টাকা ছিনিয়ে নেয়।
এই ঘটনায় কেরাণীগঞ্জ মডেল থানায় মামলা নং- ৩৪/৩৯১, তারিখ- ২২/০৯/২০২৫, ধারা ৩৯৪ পেনাল কোড ১৮৬০ অনুযায়ী মামলা রুজু করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের শনাক্ত করে গ্রেফতারের জন্য র্যাব-১০ বরাবর অধিযাচনপত্র প্রেরণ করেন।
পরবর্তীতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ১৯ নভেম্বর ২০২৫ তারিখ দুপুর আনুমানিক ১৩:০০ ঘটিকায় দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন শুভ্যাঢা এলাকা থেকে এজাহারনামীয় আসামি মো: শুক্কুর আলীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।