
ঘটনার বিবরণ
গত ১২ নভেম্বর ২০২৫ তারিখ রাত ২টা ৩০ মিনিটের দিকে আসামি রাসেলসহ অন্যান্যরা কিশোর বাপ্পিকে টাকা ও প্রিপেইড কার্ড চুরির অভিযোগে জোরপূর্বক মীরহাজিরবাগের একটি ক্লাব ঘরে নিয়ে যায়। সেখানে তাকে দীর্ঘ সময় ধরে নির্যাতন করা হয়।
এরপর একই দিনের সকাল ৬টার দিকে ভিকটিমকে তার বাসায় নিয়ে এসে তল্লাশি চালানো হলেও কোনো প্রমাণ না পাওয়ায় তাকে ফের ধরে নিয়ে যায় এবং স্টিলের পাইপ ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। বাপ্পিকে বিকাল ৪টা ৩০ মিনিটের দিকে রাস্তার পাশে ফেলে রেখে যায় আসামিরা। হাসপাতালে নেয়ার পথেই কিশোরটির মৃত্যু হয়।
ঘটনার পর নিহতের মা যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা নং–৩৮, তারিখ: ১৩/১১/২০২৫ দায়ের করেন।
র্যাবের অভিযান ও গ্রেফতার
মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেফতারে র্যাব-১০-এর সহযোগিতা কামনা করেন। এরপর র্যাব-১০ এর একটি আভিযানিক দল ১৭ নভেম্বর ২০২৫ রাত ১১টা ৩৫ মিনিটে যাত্রাবাড়ীর মীরহাজিরবাগ এলাকায় অভিযান চালিয়ে মামলার অন্যতম আসামি রাসেল @ কাপাসী রাসেল (৩৫)–কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতের পরিচয়:
পিতা: মোঃ মোস্তফা
সাং: বৌ বাজার, থানা–যাত্রাবাড়ী, ডিএমপি, ঢাকা।
র্যাব জানায়, গ্রেফতারকৃতকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলার অন্যান্য আসামিদের গ্রেফতার অভিযান চলমান রয়েছে।