
র্যাব জানায়, “বাংলাদেশ আমার অহংকার” প্রতিপাদ্যে পরিচালিত এই বাহিনী রাষ্ট্রের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় অপরাধ, সন্ত্রাস, চাঁদাবাজি, হত্যা, ছিনতাই, অপহরণ ও প্রতারণাসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেফতার করে জনআস্থা অর্জন করেছে। পাশাপাশি বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধার করে সংস্থাটি প্রশংসনীয় ভূমিকা রাখছে।
এরই ধারাবাহিকতায় আজ শনিবার (০৯ নভেম্বর ২০২৫) সকাল আনুমানিক ৫টা ৩০ মিনিটে র্যাব-১০ এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পেশাদার অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতারের লক্ষ্যে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার বাগবাড়ী রাজপাড়া এলাকায় অবস্থান নেয়। পরে সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে অভিযান পরিচালনা করে।
অভিযানে মোঃ আবুল কালাম আজাদ (৪২) এর তিনতলা ভবনের ছাদের সিঁড়ির কোণায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২টি বিদেশি পিস্তল ও ২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
উদ্ধারকৃত অস্ত্রসমূহ আলামত হিসেবে জব্দ করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১০ জানায়, সন্ত্রাস ও অপরাধ দমনে বাহিনীটি সব সময় সক্রিয় রয়েছে এবং জননিরাপত্তা বজায় রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এই অভিযানও তারই অংশ, যা এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক ভূমিকা রেখেছে।