
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ১০ হাজার ২১৯টি শূন্য পদের আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আজ শনিবার (৮ নভেম্বর)। সকাল সাড়ে ১০টা থেকে আবেদন গ্রহণ শুরু হয়ে চলবে আগামী ২১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীরা dpe.teletalk.com.bd ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা, যা টেলিটক প্রি-পেইড নম্বরের মাধ্যমে পরিশোধ করতে হবে।
সহকারী শিক্ষক পদটি ১৩তম গ্রেডে, জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী ১১,০০০–২৬,৫৯০ টাকা বেতন কাঠামো প্রযোজ্য। আবেদনকারীর বয়স ৩০ নভেম্বর ২০২৫ তারিখে ২১ থেকে ৩২ বছর হতে হবে।
প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। কোনো স্তরে তৃতীয় বিভাগ বা সমমানের ফল গ্রহণযোগ্য নয়।
প্রার্থীরা অনলাইনে ফরম পূরণ করে সাবমিট করলে একটি ড্রাফটস অ্যাপ্লিকেন্ট কপি পাবেন। তথ্য যাচাই করে ৭২ ঘণ্টার মধ্যে ১১২ টাকা (ফি + সার্ভিস চার্জ + ভ্যাট) পরিশোধ করতে হবে। ফি পরিশোধের পর ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ফাইনাল অ্যাপ্লিকেন্ট কপি ডাউনলোড করতে হবে।
সহকারী শিক্ষক নিয়োগে লিখিত ও মৌখিক—দুই ধাপের পরীক্ষা হবে।
নতুন বিধিমালা অনুযায়ী, চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নিজ উপজেলা বা শিক্ষা থানায় নিয়োগ দেওয়া হবে।
📍 সূত্র: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE)
📅 আবেদন শুরু: ৮ নভেম্বর ২০২৫
⏰ শেষ তারিখ: ২১ নভেম্বর ২০২৫, রাত ১১টা ৫৯ মিনিট
🌐 আবেদন: dpe.teletalk.com.bd