
নোয়াখালী জেলার সোনাইমুড়ি পূর্ব দক্ষিণপাড়া বাইতুল আমান এলাকায় গ্রাম্য আধিপত্য ও পূর্ব বিরোধের জেরে সালিশ বৈঠকে নৃশংস হামলায় নিহত আবুল কাশেম (৫০) হত্যা মামলার দুই আসামিকে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১০।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিরা হলো— মো: রাসেল মাহামুদ সজীব (২৫) ও কহিনুর বেগম (৪৫)।
ঘটনার সূত্রপাত ঘটে গত ২১ অক্টোবর ২০২৫ তারিখ বিকালে স্থানীয়দের খেলাধুলা বিষয়ক বাগ-বিতণ্ডাকে কেন্দ্র করে। পরবর্তীতে স্থানীয় মসজিদ কমিটির মাধ্যমে আপোষের উদ্যোগ নেওয়া হলেও ২৪ অক্টোবর দুপুরে পূর্ব পরিকল্পিতভাবে আসামিরা ভিকটিম আবুল কাশেমসহ কয়েকজনের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।
হামলায় গুরুতর আহত আবুল কাশেমকে স্থানীয়রা উদ্ধার করে সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে সোনাইমুড়ি থানায় মামলা নং-১৮, তারিখ-২৫/১০/২০২৫, ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৫/৩০৭/৩০২/৩৭৯/৪২৭/৫০৬/৩৪ পেনাল কোড, ১৮৬০ অনুযায়ী মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেফতারের জন্য র্যাব-১০ এর সহযোগিতা চেয়ে অনুরোধ করেন।
এরই ধারাবাহিকতায় অদ্য ০৬ নভেম্বর ২০২৫ তারিখ দুপুরে র্যাব-১০ এর চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিএমপি’র কামরাঙ্গীরচর টেকেরহাট ও জন্নাতবাগ এলাকায় পৃথক অভিযান চালিয়ে উক্ত হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।