
বিসিএন চ্যানেল প্রতিবেদন:
মুন্সীগঞ্জ জেলার পদ্মা সেতু উত্তর এলাকা থেকে ০৪ বোতল বিয়ার, ০৪ বোতল দেশী মদ ও ০৩ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
র্যাব সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতিতে অটল থেকে র্যাব-১০ নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল গতকাল (০৫ নভেম্বর ২০২৫) রাত আনুমানিক ২১.০৫ ঘটিকার সময় মুন্সীগঞ্জ জেলার পদ্মা সেতু উত্তর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে ০৪ বোতল বিয়ার, ০৪ বোতল দেশী মদ এবং ০৩ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫১ হাজার টাকা। র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী মোঃ মৃদুল (২৩), পিতা- রেজাউল হোসেন কবিরাজ, সাং- খরিয়া, থানা- পদ্মা সেতু উত্তর, জেলা- মুন্সীগঞ্জ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পলাতক আসামি মোঃ মৃদুল (২৩)’কে আসামি করে এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর লক্ষ্যে পদ্মা সেতু উত্তর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, মাদক সমাজের এক ভয়াবহ ব্যাধি, যা যুবসমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে, পারিবারিক বন্ধন নষ্ট করছে এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। র্যাব-১০ দৃঢ়ভাবে বিশ্বাস করে, মাদক নির্মূলে “জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গঠন সম্ভব নয়। ভবিষ্যতেও র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।