
ঢাকা, ০৫ নভেম্বর ২০২৫ঃ
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০ এর আভিযানিক দল রাজধানীর দক্ষিণ কেরাণীগঞ্জ থেকে একাধিক মাদক মামলার ০৬ বছরের সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ মেহেদী হাসান @ মামুন ঘরামী @ গিট্টু মামুন (২৩)-কে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব-১০ এর একটি চৌকস দল আজ (০৫ নভেম্বর ২০২৫) দুপুর অনুমান ১৩.০০ ঘটিকায় ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন মিরেরবাগ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি বরিশাল জেলার গৌরনদী থানার মামলা নং-১৭, জি.আর-৩২২/১৮, ধারা- ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ১৯(১) সারণির ০৯(ঘ) এবং জি.আর-২৬৪/১৯ (গৌরনদী), ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) সারণির ১০(ক) এর অধীন একাধিক মামলায় ০৬ বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামি।
র্যাব জানায়, গ্রেফতারকৃত মেহেদী হাসানের বিরুদ্ধে গৌরনদী থানায় আরও ০৫টি মাদক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।