
বিস্তারিত প্রতিবেদন:
দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক ও ভেজাল নির্মূলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। সমাজের বিভিন্ন অপরাধ দমন ও প্রতিরোধে র্যাবের কার্যক্রম সর্বমহলে প্রশংসিত হয়েছে।
এরই ধারাবাহিকতায় আজ (০৩ নভেম্বর ২০২৫) র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং র্যাব-১০ এর সহযোগিতায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানকালে বিএসটিআই অনুমোদনবিহীন, মেয়াদোত্তীর্ণ, নকল ও ভেজাল প্রসাধনী সামগ্রী বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোঃ আমিনুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে ১,০০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং বিপুল পরিমাণ নকল প্রসাধনী সামগ্রী জব্দ করে প্রতিষ্ঠানটি সীলগালা করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, অভিযুক্ত ব্যবসায়ী দীর্ঘদিন ধরে অনুমোদনবিহীন ও মেয়াদোত্তীর্ণ প্রসাধনী সামগ্রী বিক্রয়ের মাধ্যমে সাধারণ জনগণের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ফেলছিলেন। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
র্যাব জানায়, এ ধরনের অবৈধ ও প্রতারণামূলক কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে “ভেজাল ও প্রতারণার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি” অনুসরণ করে র্যাব ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।