প্রিন্ট এর তারিখঃ Apr 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 23, 2026 ইং
মিটফোর্ড হাসপাতালসহ ঢাকার বিভিন্ন স্থানে র্যাবের অভিযান, দালাল আটক ও নকল প্রসাধনী জব্দ

রাজধানী ঢাকার মিটফোর্ড হাসপাতাল, চকবাজার ও কেরাণীগঞ্জের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে র্যাব। অভিযানে দালাল চক্রের সদস্য আটক, নকল প্রসাধনী জব্দ এবং মোট প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
র্যাব জানায়, প্রতিষ্ঠার পর থেকেই আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মাদক, জালিয়াতি, ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালিয়ে আসছে তারা।
২২ এপ্রিল ২০২৬ তারিখে র্যাব ফোর্সেস সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে এবং র্যাব-১০ এর সহযোগিতায় ঢাকার কোতোয়ালী থানাধীন মিটফোর্ড হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় দালাল চক্রের ৩০ জন সক্রিয় সদস্যকে আটক করা হয়।
তাদের মধ্যে ১৬ জনকে মোট ৭৭,৫০০ টাকা জরিমানা করা হয় এবং বাকিদের সতর্ক করা হয়।
অন্যদিকে, চকবাজার থানার বড়কাটরা এলাকায় নকল কসমেটিকস ও প্রসাধনী তৈরির উপকরণ জব্দ করা হয়। এ ঘটনায় আরমান হোসেন (৪৮)-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫০ ধারা অনুযায়ী ৭০,০০০ টাকা জরিমানা করা হয়।
এছাড়া দক্ষিণ কেরাণীগঞ্জের কোনাখোলা এলাকায় উপজেলা প্রশাসন, এনএসআই, ফায়ার সার্ভিস ও র্যাব-১০ এর যৌথ অভিযানে একটি অবৈধ এলপিজি রিফিলিং প্ল্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রিফিল করার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাব জানিয়েছে, জনস্বার্থে হাসপাতালের দালাল চক্র, নকল প্রসাধনী প্রস্তুতকারক এবং অবৈধ জ্বালানি ব্যবসায়ীদের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং এ বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বিসিএন চ্যানেল