প্রিন্ট এর তারিখঃ Feb 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 16, 2026 ইং
নতুন সরকারের নির্দেশনা পেলেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

নবনির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর নির্দেশনা দিলেই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সিএএস দরবারে সেনাবাহিনীর সব পদমর্যাদার সদস্যদের উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন।
সেনাপ্রধান নির্বাচনি দায়িত্ব পালনের সময় সেনাসদস্যদের পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও দক্ষতার প্রশংসা করেন। তিনি বলেন, দেশ গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে এবং সেনাবাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছে।
তিনি আরও জানান, নির্বাচনের সময় অতিরিক্ত যে ফোর্স মোতায়েন করা হয়েছিল, তা ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে। এখন সেনাবাহিনী নতুন সরকারের নির্দেশনার অপেক্ষায় থাকবে।
ভাষণে ইউনিটপ্রধানদের ‘চেইন অব কমান্ড’ কঠোরভাবে বজায় রাখার নির্দেশ দেন সেনাপ্রধান। পাশাপাশি সেনাসদস্যদের মনোবল দৃঢ় রাখা এবং মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
দেশের জনগণের স্বার্থে প্রয়োজনীয় দায়িত্ব সফলভাবে সম্পন্ন হয়েছে বলেও উল্লেখ করেন সেনাপ্রধান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বিসিএন চ্যানেল