প্রিন্ট এর তারিখঃ Feb 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 13, 2026 ইং
অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: মির্জা ফখরুল

আগামী সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে অর্থনীতিকে সচল করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, দুর্নীতি দমন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা—এমনটাই মনে করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নির্বাচনের ফলাফল নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, এই ফলাফল একদিকে আনন্দময়, অন্যদিকে বিষাদময়। দলের প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া এই বিজয় দেখে যেতে পারেননি—এটি দুঃখজনক।
তিনি আরও বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর একটি উৎসবমুখর ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ ধারাবাহিকতা বজায় থাকলে গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হবে।
আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অনুষ্ঠিত হওয়া প্রসঙ্গে তিনি জানান, বাংলাদেশ নির্বাচন কমিশন ইতোমধ্যে দলটির কার্যক্রম নিষিদ্ধ করেছে; পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে পরবর্তী সিদ্ধান্ত আসবে।
পরে গুলশানে দলের কার্যালয়ে গিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-কে ফুল দিয়ে অভিনন্দন জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ ও ইসমাইল জবিহউল্লাহসহ দলের নেতারা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বিসিএন চ্যানেল