প্রিন্ট এর তারিখঃ Feb 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 12, 2026 ইং
ঢাকা-১৫ আসনে ২০ হাজার ভোটের ব্যবধানে জয়ী ডা. শফিকুর রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে দলীয় সূত্রে এ তথ্য জানানো হয়।
জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জাহিদুর রহমান জানান, দাঁড়িপাল্লা প্রতীকে ডা. শফিকুর রহমান পেয়েছেন ৮২,৬৪৫ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শফিকুল ইসলাম মিল্টন পেয়েছেন ৬১,৯২০ ভোট। ফলে ২০,৭২৫ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন জামায়াতের এই প্রার্থী।
ঢাকা-১৫ আসনে মোট ভোটার সংখ্যা ৩,৫১,৭১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৭৯,৬১৬ জন এবং নারী ভোটার ১,৭২,০৯৮ জন। মোট ১৭৩টি কেন্দ্রে সকাল থেকে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই কেন্দ্রগুলোতে গণনা শুরু হয়। বড় কেন্দ্রগুলোর ফলাফল আসতে কিছুটা বিলম্ব হওয়ায় শেষ মুহূর্ত পর্যন্ত সাধারণ ভোটার ও রাজনৈতিক কর্মীদের মাঝে টানটান উত্তেজনা বিরাজ করছিল।
চূড়ান্ত ফলাফলে ডা. শফিকুর রহমান বিজয়ী হওয়ায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বিসিএন চ্যানেল