প্রিন্ট এর তারিখঃ Feb 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 12, 2026 ইং
ভোট গণনায় অনিয়মের অভিযোগে চাপে থাইল্যান্ডের নির্বাচন কমিশন

আন্তর্জাতিক ডেস্ক:
থাইল্যান্ডের সাধারণ নির্বাচনের পর ভোট গণনার স্বচ্ছতা নিয়ে অনিয়মের অভিযোগ ওঠায় দেশটির নির্বাচন কমিশনের ওপর চাপ বাড়ছে।
গত রোববার অনুষ্ঠিত নির্বাচনে প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুলের দল ভূমজাইথাই পার্টি বড় জয় পেলেও একাধিক আসনে ভোট গণনায় অনিয়মের অভিযোগ উঠেছে।
ভোটগ্রহণ শেষ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভিডিও ও তথ্য ছড়িয়ে পড়ে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে—অন্ধকারে ব্যালট গণনা, বৈধ ভোট বাতিল হিসেবে চিহ্নিত করা এবং কেন্দ্রের ফলাফলের সঙ্গে নির্বাচন কমিশনের অনলাইন সিস্টেমে দেওয়া ফলাফলের অমিল।
ফলাফলে দ্বিতীয় অবস্থানে থাকা পিপলস পার্টি আনুষ্ঠানিকভাবে ফল মেনে নিলেও ১৮টি আসনে পুনর্গণনার দাবি জানিয়েছে।
তৃতীয় স্থানে থাকা ফেউ থাই পার্টি জনসাধারণের সন্দেহ ওঠা এলাকাগুলোতে পুনঃপর্যালোচনার পক্ষে মত দিয়েছে। অন্যদিকে, সামরিকপন্থি ইউনাইটেড থাই নেশন পার্টি সারা দেশে পুনর্গণনার আহ্বান জানিয়েছে।
পিপলস পার্টির বিজয়ী প্রার্থী রুকচানক শ্রীনর্গ বলেন, “নির্বাচন কমিশন যদি কোনো ভুল না করে থাকে, তাহলে পুনর্গণনা হলেও ফল একই থাকবে। তাহলে মানুষকে পরিষ্কারভাবে দেখানোর জন্য পুনর্গণনা করা হচ্ছে না কেন?”
প্রায় ৯৫ শতাংশ কেন্দ্রের ফল প্রকাশের পর প্রাথমিক হিসাবে ৫০০ আসনের সংসদে ভূমজাইথাই পার্টি ১৯৩টি আসনে এগিয়ে রয়েছে।
এখনো নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেনি। আইন অনুযায়ী, সাধারণ নির্বাচনের ৬০ দিনের মধ্যে ফলাফল অনুমোদন করতে হবে।
থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ও ডেমোক্র্যাট পার্টির নেতা অভিসিত ভেজ্জাজিভা সতর্ক করে বলেছেন, দ্রুত স্বচ্ছতা নিশ্চিত না করলে জনগণের আস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে।
নির্বাচন কমিশন জানিয়েছে, বুধবার পর্যন্ত তারা ১১৩টি আনুষ্ঠানিক অভিযোগ পেয়েছে এবং সেগুলো তদন্তাধীন রয়েছে।
নির্বাচন কমিশনের উপ-মহাসচিব ফাসাকর্ন সিরিফাকায়াপর্ন বলেন, “কোনো কেন্দ্রে সমস্যা হলে অভিযোগ করা যাবে। আমরা ন্যায্যতা নিশ্চিত করবো।”
স্বতন্ত্র নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ‘ভোট৬২’ জানিয়েছে, তারা দেশজুড়ে পাঁচ হাজারের বেশি অভিযোগ নথিভুক্ত করেছে। এর মধ্যে এক হাজারের বেশি ক্ষেত্রে সরকারি ফলাফলের সঙ্গে স্বাধীন পর্যবেক্ষকদের হিসাবের অমিল পাওয়া গেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বিসিএন চ্যানেল