প্রিন্ট এর তারিখঃ Feb 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 12, 2026 ইং
দেশের মানুষ ভোট দিলে যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব: তারেক রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক:
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দেশের মানুষ ভোট দিলে যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব।
তিনি বলেন, “গতরাতে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। দেশের মানুষ আজ সারাদিনে বেরিয়ে এসে যদি তাদের অধিকার প্রয়োগ করেন, ভোট দেন—ইনশাআল্লাহ যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব।”
ভোটগ্রহণের শুরুতে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তারেক রহমান বলেন, “মাত্র তো ভোটগ্রহণ শুরু হয়েছে। শেষটা না দেখে কেমন করে বলবো। তবে আমি অবশ্যই ইনশাআল্লাহ আশাবাদী। আমি দৃঢ়ভাবে আশাবাদী।”
তিনি আরও বলেন, “আমরা আমাদের ভোটের অধিকার প্রয়োগ করে এসেছি। বিগত এক যুগেরও বেশি সময় ধরে দেশের মানুষ এই দিনটির জন্য অপেক্ষা করছিলেন। আমরা দৃঢ়ভাবে আত্মবিশ্বাসী যে, দেশের মানুষ আজ তাদের অধিকার প্রয়োগ করবেন এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা করবেন।”
সারা দেশের পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে বিএনপি চেয়ারম্যান বলেন, “সারা বাংলাদেশের খবর আমি এখনও পাইনি। তবে গতরাতে বিভিন্ন জায়গা থেকে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যা কাম্য নয়।
আমরা বিশ্বাস করি, আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন স্থানে কঠোরভাবে সেসব ঘটনা দমন করেছে। গতকাল ভোর পর্যন্ত আমরা টেলিভিশনে সেটাই দেখেছি।”
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বিসিএন চ্যানেল