প্রিন্ট এর তারিখঃ Feb 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 12, 2026 ইং
ভোট সুষ্ঠু হলে আমরাও মানবো, অন্যদেরও মানতে হবে: জামায়াত আমির

সম্পূর্ণ নিউজ):
নিজস্ব প্রতিবেদক:
ভোট শান্তিপূর্ণ, সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য হোক—এই প্রত্যাশা ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন। এর আগে সকাল ৮টা ৮টা ২৮ মিনিটে তিনি মনিপুর বালক উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোট দিতে যান।
ভোট দেওয়ার পর জামায়াত আমির বলেন, “জাতি এই ভোটের জন্য অনেক অপেক্ষা করেছে, বিশেষ করে যুব সমাজ। আমরা দোয়া করি, ভোট সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য হোক। এই ভোটের মাধ্যমে দেশে এমন সরকার গঠিত হোক, যে সরকার কোনো ব্যক্তি, পরিবার কিংবা দলের হবে না—বরং ১৮ কোটি মানুষের সরকার হবে। আমরা সেই সরকার গঠনের ব্যাপারে আশাবাদী।”
তিনি আরও বলেন, “আজকে ভোট দিয়ে এখান থেকে শুরু করলাম, পরে অন্যান্য কেন্দ্রেও যাবো। সবার সহযোগিতা চাই। আমাদের সবাইকে দেশ গড়তে হবে।”
শফিকুর রহমান বলেন, “আমরা ছোটখাটো বিষয় এড়িয়ে যাবো। তবে বড় কোনো বিষয় হলে ছাড় দেবো না। মানুষের ভোটের অধিকার হারিয়ে যাক—এটা আমরা কোনোভাবেই চাই না।”
তিনি আরও বলেন, “ভোট যখন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে, আমরাও মানবো, অন্যদেরও মানতে হবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য, আমরা সেটাই চাই।”
দলের বিরুদ্ধে ভোটের ২৪ ঘণ্টার মধ্যে আসা বিভিন্ন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “কেউ যদি অপরাধ করে থাকে, সেটা আমিও মানবো। কিন্তু অপরাধ নয়—সেটাকে জোর করে অপরাধ বানানো, সেটা আরও বড় অপরাধ।”
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বিসিএন চ্যানেল