প্রিন্ট এর তারিখঃ Feb 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 11, 2026 ইং
৮২৭ ‘অতি ঝুঁকিপূর্ণ’ কেন্দ্র: ভোট ঘিরে বাড়তি নিরাপত্তা, মাঠে সেনাবাহিনী-পুলিশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর বিভাগের ৩৩টি আসনে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।
১ কোটি ৩৪ লাখ ৫৪ হাজার ৪৫৬ ভোটারের জন্য প্রস্তুত করা হয়েছে ৪ হাজার ৭৫০টি ভোটকেন্দ্র। এর মধ্যে ২ হাজার ৫৬১টিকে ঝুঁকিপূর্ণ এবং ৮২৭টিকে ‘অতি ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন উপলক্ষে সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করবে।
নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অতীতে যেসব কেন্দ্রে দখলচেষ্টা, সংঘর্ষ, ভয়ভীতি ও প্রভাব বিস্তারের অভিযোগ ছিল, সেগুলোতে বিশেষ নজরদারি রাখা হচ্ছে। বিশেষ করে চরাঞ্চল, দুর্গম এলাকা ও প্রার্থীদের বাড়ির নিকটবর্তী কেন্দ্রগুলোতে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।
রংপুর রেঞ্জ পুলিশের তথ্য অনুযায়ী, আট জেলার মধ্যে দিনাজপুরে সবচেয়ে বেশি ২৫৭টি ‘অতি ঝুঁকিপূর্ণ’ কেন্দ্র রয়েছে। এছাড়া কুড়িগ্রামে ১৫০টি, লালমনিরহাটে ১০৬টি, রংপুরে ৯৫টি, গাইবান্ধায় ৭৯টি, নীলফামারীতে ৭০টি, ঠাকুরগাঁওয়ে ৪১টি এবং পঞ্চগড়ে ২৯টি কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে।
ডিআইজি আমিনুল ইসলাম জানিয়েছেন, প্রতিটি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে। পুলিশ সদস্যদের শরীরে থাকবে বডি ক্যামেরা এবং লাইভ মনিটরিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া দ্রুত সাড়া দেওয়ার জন্য মোবাইল টিম ও রিজার্ভ ফোর্স প্রস্তুত থাকবে।
প্রশাসন ও নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করবে পুলিশ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বিসিএন চ্যানেল