প্রিন্ট এর তারিখঃ Feb 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 11, 2026 ইং
ভোটের মাঠ ছাড়বে না জামায়াত”— নির্বাচন ভবনে বিস্ফোরক অভিযোগ এহসানুল মাহবুব জুবায়েরের

কোনো অবস্থায়ই ভোটের মাঠ ছাড়বে না জামায়াত”— এমন দৃঢ় ঘোষণা দিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
বুধবার (১১ ফেব্রুয়ারি) আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় ৭৪ লাখ টাকাসহ সৈয়দপুর বিমানবন্দরে আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রসঙ্গে তিনি বলেন, ব্যবসার প্রয়োজনে তিনি টাকা বহন করতেই পারেন।
ঘটনাটিকে ‘সাজানো নাটক’ দাবি করে দলকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং জেলা আমিরকে মানসিকভাবে নির্যাতন করা হয়েছে।
এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেন, দেশের বিভিন্ন জেলায় জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা ও হয়রানি চলছে। সিলেটে এক নেতার ওপর হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন বলে জানান। সিরাজগঞ্জে সামরিক বাহিনীর সদস্য পরিচয়ে হয়রানির অভিযোগও তোলেন তিনি।
তিনি দাবি করেন, ফরিদপুর, নেত্রকোনা, বরিশাল ও মানিকগঞ্জে হামলার ঘটনা ঘটেছে। এছাড়া ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের ১২টি নির্বাচন ক্যাম্পে আগুন দেওয়া ও ভাঙচুরের অভিযোগ তোলেন তিনি।
নির্বাচনি পরিবেশ ঘোলাটে করতে এসব নাটক সাজানো হচ্ছে বলে মন্তব্য করেন এহসানুল মাহবুব জুবায়ের। তবে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে এবং সেরা ভোট অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বিসিএন চ্যানেল