প্রিন্ট এর তারিখঃ Mar 26, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 6, 2026 ইং
কেরাণীগঞ্জে ৮৯৭ পিস বুপ্রেনরফিনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাদক নির্মূলে “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” স্লোগানকে সামনে রেখে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে ভয়াবহ মাদকদ্রব্যসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
র্যাব-১০ জানায়, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৭টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন চর-কুতুব খালপাড় এলাকায় একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আনুমানিক ৪ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা মূল্যমানের ৮৯৭ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. গাবরু মিয়া (৪৮)। তার পিতা মৃত আহম্মদ আলী। তিনি রংপুর জেলার পীরগঞ্জ থানার জাফরপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
র্যাবের প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে বুপ্রেনরফিনসহ অন্যান্য মাদক সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
র্যাব আরও জানায়, বুপ্রেনরফিন ইনজেকশন মূলত চিকিৎসকের পরামর্শে ব্যথানাশক ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। তবে বর্তমানে অতিরিক্ত নেশাদ্রব্য উপাদান মিশিয়ে এটিকে অবৈধভাবে মাদক হিসেবে বাজারজাত করা হচ্ছে। এই ইনজেকশন সরাসরি শিরায় প্রয়োগ করলে দ্রুত তীব্র নেশার প্রতিক্রিয়া সৃষ্টি করে, যা ব্যবহারকারীর জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১০ জানায়, মাদক সমাজ ও যুবসমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বিসিএন চ্যানেল