প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 1, 2026 ইং
রাজশাহীতে মাদক টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

রাজশাহীতে মাদক টাকার জন্য মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক ছেলের বিরুদ্ধে। নিহত নারীর নাম সোহাগী খাতুন (৫৫)। তিনি রাজশাহী মহানগরীর খড়খড়ি এলাকার বাসিন্দা এবং আজিজুল ইসলামের স্ত্রী।
শনিবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে খড়খড়ি এলাকার পুরাতন কৃষি ব্যাংক মোড়ে এ নির্মম হত্যাকাণ্ড ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ছেলে সুমন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। ঘটনার রাতে মাদকের টাকার জন্য সে তার মায়ের কাছে টাকা দাবি করে।
কিন্তু টাকা দিতে অস্বীকৃতি জানালে ধারালো হাঁসুয়া দিয়ে সুমন তার মায়ের বুকে ও পেটে একাধিক আঘাত করে। আঘাতের ফলে ঘটনাস্থলেই সোহাগী খাতুন মারা যান। পরে মরদেহটি রাস্তায় ফেলে রেখে সুমন বাড়িতে গিয়ে ঘরের দরজা বন্ধ করে অবস্থান নেয়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ঘর থেকে তাকে আটক করে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে চন্দ্রিমা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত সুমনকে আটক করে এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, অভিযুক্ত যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, সে মাদকাসক্ত। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বিসিএন চ্যানেল