প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 31, 2026 ইং
ডেমরায় পরিত্যক্ত অবস্থায় থানা থেকে লুট হওয়া ৫টি গ্রেনেড উদ্ধার করেছে র্যাব-১০

রাজধানীর ডেমরা এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় থানা থেকে লুট হওয়া ৫টি অবিস্ফোরিত গ্রেনেড সদৃশ বস্তু উদ্ধার করেছে র্যাব-১০।
র্যাব জানায়, রাষ্ট্রীয় নিরাপত্তা, জননিরাপত্তা ও নাশকতা প্রতিরোধে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) নিয়মিতভাবে গোয়েন্দাভিত্তিক তথ্য সংগ্রহ ও অভিযান পরিচালনা করছে।
অবৈধ বিস্ফোরক দ্রব্যের মজুদ, পরিবহন ও ব্যবহার রোধ এবং অবৈধ অস্ত্র উদ্ধারে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
র্যাবের তথ্যমতে, ২০২৪ সালের ৫ আগস্ট সংঘটিত সহিংস ঘটনার সময় দুষ্কৃতিকারীরা বিভিন্ন থানায় হামলা চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ লুট করে।
পরবর্তীতে এসব অস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের আশঙ্কা তৈরি হয়। এ প্রেক্ষাপটে লুট হওয়া অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারে বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।
এর ধারাবাহিকতায় র্যাব-১০ এর সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ৩১ জানুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ৩টা ১৫ মিনিটে ডিএমপি’র ডেমরা থানাধীন স্টাফ কোয়ার্টার থেকে বনশ্রীগামী সড়কের পাশে একটি স-মিলের বিপরীতে ড্রেনের পাশ থেকে ধাতব লিভারযুক্ত ৫টি গ্রেনেড সদৃশ বস্তু উদ্ধার করে।
উদ্ধারকৃত বস্তুগুলো অবিস্ফোরিত এবং সেগুলো নিরাপত্তা প্রোটোকল অনুসরণ করে জব্দ করা হয়েছে বলে জানানো হয়। এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্ত ও গ্রেপ্তারে র্যাবের কার্যক্রম চলমান রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বিসিএন চ্যানেল