প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 31, 2026 ইং
পরিবারতন্ত্রের রাজনীতি আর দেখতে চাই না: জামায়াত আমির ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ আর পরিবারতন্ত্রের রাজনীতি দেখতে চায় না। রাজার ছেলে রাজা হবে, রানির মেয়ে রানি হবে—যোগ্যতা থাকুক আর না থাকুক—এমন রাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছে। মেধা ও যোগ্যতা থাকলে একজন রিকশাওয়ালাও রাষ্ট্রক্ষমতায় যেতে পারবে।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে কুমিল্লা টাউনহল ময়দানে মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী দেশের সবচেয়ে মজলুম রাজনৈতিক দল। বিচারের নামে দলের শীর্ষ নেতাদের হত্যা, অফিস সিলগালা, নিবন্ধন বাতিল ও নিষিদ্ধকরণ—সবকিছুই জামায়াতের ওপর চালানো হয়েছে। গুম কমিশনের রিপোর্টেও জামায়াত নেতাকর্মীদের সবচেয়ে বেশি গুমের শিকার হওয়ার তথ্য উঠে এসেছে।
জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, ৫ আগস্ট আল্লাহ তাআলার এক অশেষ নেয়ামত। আমরা প্রতিশোধপরায়ণ হবো না বলে ঘোষণা দিয়েছিলাম। তবে ভিক্টিম পরিবার আইনি পথে গেলে জামায়াত সর্বাত্মক সহযোগিতা করবে। জুলাই শহীদদের আত্মত্যাগের কারণেই আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি।
চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে জামায়াত কখনো চাঁদাবাজি বা মামলাবাজির রাজনীতি করবে না। চাঁদাবাজি ভিক্ষার চেয়েও নিকৃষ্ট। আমরা নিজের রিজিক ভাগ করে খাবো, তবুও চাঁদাবাজি করবো না।
নারী নির্যাতনের বিষয়ে তিনি বলেন, কোনো মা-বোনের গায়ে হাত তুললে অপরাধীদের ছেড়ে কথা বলা হবে না। সাহসী যুবকদের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
যুবকদের উদ্দেশে তিনি বলেন, যুবকদের হাতে বেকার ভাতা নয়—কর্মসংস্থান সৃষ্টি করে তাদের দেশ গড়ার কারিগর বানানো হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মুহাম্মদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বিসিএন চ্যানেল