প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 29, 2026 ইং
পটুয়াখালীর দুমকির ধর্ষণ মামলার প্রধান আসামি দুলাল খন্দকার গ্রেফতার

পটুয়াখালীর দুমকি থানার একটি ধর্ষণ মামলার প্রধান আসামি মো. দুলাল খন্দকার (৩৭)-কে রাজধানীর তুরাগ এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব সূত্র জানায়, গত ০২ আগস্ট ২০২৫ তারিখ রাত আনুমানিক ৮টার দিকে ভিকটিম (১৫) নিজ বসতঘরে অবস্থানকালে তার দাদী ও বাবা অনুপস্থিত থাকার সুযোগে আসামি মো. দুলাল খন্দকার টিনশেড ঘরে প্রবেশ করে। পরে চাকু দেখিয়ে হত্যার ভয়ভীতি প্রদর্শন করে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ধস্তাধস্তিতে ভিকটিমের বাম হাতের কবজিতে নখের আঁচড় লেগে আঘাতপ্রাপ্ত হয়।
ঘটনার পর ভিকটিমের বাবা পটুয়াখালী জেলার দুমকি থানায় অভিযোগ দায়ের করেন। এর প্রেক্ষিতে দুমকি থানায় মামলা নং–০৯, তারিখ–১৪/০৮/২০২৫ খ্রি., নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় মামলা রুজু হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিকে গ্রেফতারের জন্য র্যাব-১০, ঢাকার অধিনায়কের নিকট অধিযাচনপত্র প্রেরণ করেন। এর ভিত্তিতে র্যাব-১০ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় অদ্য ২৯ জানুয়ারি ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে র্যাব-১০ তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং র্যাব-১ এর সহযোগিতায় ডিএমপি, ঢাকার তুরাগ থানাধীন কামারপাড়া ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে এজাহারনামীয় প্রধান আসামি মো. দুলাল খন্দকারকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছে যে, সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বিসিএন চ্যানেল