প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 25, 2026 ইং
অস্ত্র মামলার এজাহারনামীয় পলাতক আসামি বাবুকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করলো র্যাব-১০

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সন্ত্রাসবাদ, হত্যা, মাদক, অবৈধ অস্ত্র ও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে র্যাব জনগণের আস্থা অর্জন করেছে।
অপরাধ দমনে র্যাবের নিরলস প্রচেষ্টা দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১০ এর অভিযানে অস্ত্র মামলার এজাহারনামীয় পলাতক আসামি বাবু (৪০)’কে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, গত ০৬ নভেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টা ৪৫ মিনিটে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার একটি টহল দল নিয়মিত ডিউটি পালনকালে একটি সন্দেহভাজন অটোরিকশাকে থামানোর সংকেত দেয়।
এ সময় অটোরিকশায় থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে টহল দল একটি দেশীয় লোহার তৈরি রিভলবারসহ রাব্বী সরদার (২৬)’কে গ্রেফতার করে। অপর একজন আসামি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রাব্বী সরদার জানায়, সে রিভলবারটি বাবু নামের এক ব্যক্তির কাছ থেকে ভাড়ায় নিয়ে ফেরত দেওয়ার উদ্দেশ্যে তার কাছে যাচ্ছিল।
এ ঘটনায় দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় মামলা নং-১৫, তারিখ- ০৭/১১/২০২৫ খ্রি., ধারা- ১৯(এ) অস্ত্র আইন, ১৮৭৮ রুজু হয়। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১০ এর নিকট অধিযাচনপত্র প্রেরণ করেন।
উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র্যাব-১০ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গত ২৫ জানুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ও র্যাব-১১ এর সহযোগিতায় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন নুরবাগ এলাকা থেকে অস্ত্র মামলার এজাহারনামীয় পলাতক আসামি বাবু (৪০)’কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত বাবুর পিতার নাম মৃত খালেক। তার বাড়ি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন কাজলপুর এলাকায়। তার বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র মামলাসহ মোট ২টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, অবৈধ অস্ত্র ও সন্ত্রাস দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বিসিএন চ্যানেল