প্রিন্ট এর তারিখঃ Feb 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 25, 2026 ইং
সাকিবকে আবার জাতীয় দলে বিবেচনা করবে বিসিবি

পরবর্তী সিরিজ থেকে জাতীয় দলে খেলার জন্য সাকিব আল হাসানকে বিবেচনায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (২৪ জানুয়ারি) রাতে অনুষ্ঠিত জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন।
তিনি বলেন, বোর্ড সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে যে সাকিব আল হাসানের অ্যাভেইলঅ্যাবিলিটি, ফিটনেস ও যেখানে খেলা হবে সেখানে তার উপস্থিত থাকার সক্ষমতা থাকলে অবশ্যই তাকে পরবর্তী নির্বাচনের জন্য বিবেচনা করা হবে। এছাড়া প্রয়োজন অনুযায়ী বিভিন্ন গ্লোবাল টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য বিসিবি এনওসি প্রদান করবে।
এছাড়াও বিসিবির পক্ষ থেকে সাকিব আল হাসানকে আবারও কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে থাকা মামলা ও আইনি বিষয়গুলো নিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সরকারের সঙ্গে আলোচনা করবেন বলে জানা গেছে।
বিসিবি পরিচালক আসিফ জানান, ক্রিকেট অপারেশনস বিভাগের চুক্তিবদ্ধ খেলোয়াড়দের তালিকা আলোচনার সময় সাকিবের বিষয়টি উঠে আসে। বোর্ডের এক পরিচালক প্রস্তাব দেন যে সাকিব খেলতে আগ্রহী এবং তার সঙ্গে কথা হয়েছে। এ বিষয়ে সরকারের সঙ্গে যোগাযোগ করার জন্য বিসিবি সভাপতিকে জানানো হয়েছে।
উল্লেখ্য, সাকিব আল হাসান সর্বশেষ বাংলাদেশের হয়ে মাঠে নামেন গত বছরের ১ অক্টোবর। এরপর নানা কারণে তিনি দেশে ফিরতে পারেননি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বিসিএন চ্যানেল